পুলিশকে বাধা: বরিশালে ১১০ জনের বিরুদ্ধে মামলা
বরিশালের মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা আহসান হাবিব কামালের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।
কোতোয়ালি মডেল থানায় এসআই গোলাম কিবরিয়া জানান, পুলিশের কাজে বাধা ও আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগে এসআই এ আর মুকুল বৃহস্পতিবার সকালে এই মামলা দায়ের করেন।
এতে ১০ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত পরিচয় আরো ১০০ জনকে আসামি করা হয়েছে।
কামালের ছয়জন নারী কর্মী বুধবার সন্ধ্যায় বৌদ্ধপাড়া এলাকায় মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা শওকত হোসেন হিরনের বিরুদ্ধে লিফলেট বিলি করার সময় তাদের ধরে পুলিশে খবর দেয় হিরনের সমর্থকরা।
এরপরও পুলিশ ওই ছয়জনকে নিয়ে যেতে চাইলে বিএনপিকর্মীরা মিছিল শুরু করে এবং পুলিশের ওপর ইট ছুড়তে থাকে। পুলিশ এ সময় শটগানের গুলি ছুড়লে বিএনপির এক কর্মী আহত হন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাদেকুর রহমান খান।
আহত হারুন (৩৫) মেয়র প্রার্থী কামালের ‘দেহরক্ষী’ বলে দাবি করেন বিলকিস শিরিন।
উন্নত চিকিৎসার জন্য হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা শঙ্কামুক্ত বলে শিরিন জানান।
