২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বুলবুল রাজাকারের সন্তান’

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে ১৮ দলের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল ‘রাজাকারের’ সন্তান বলে অভিযোগ করেছেন রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান ভোট শুরুর একদিন আগে এ অভিযোগ করেন।

যদিও বুলবুলের পক্ষ থেকে এ অভিযোগকে ‘অপ্রপচার ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলা হয়েছে।

কমান্ডের আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, “বুলবুল একজন রাজাকারের সন্তান। তার বাবা আব্দুল মজিদ শান্তি কমিটির সক্রিয় নেতা ছিলেন। এ বিষয়ে ওই এলাকার মুক্তিযোদ্ধারা পত্রিকায় বিবৃতিও দিয়েছেন।”

“বুলবুলের বাবা মুক্তিযুদ্ধ চলাকালে আব্দুর রহমান, মওলানা আব্দুল আজিজ, আব্দুল কুদ্দুস সরকারের যোগসাজসে পুঠিয়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংস, লুটপাট, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন।”

সিটি করপোরেশন নির্বাচনে বুলবুলকে ভোট না দিতে রাজশাহীবাসীর প্রতি আহ্বানও জানান মান্নান।

নির্বাচনের ঠিক আগ মূর্হুতে কেন এই অভিযোগ তোলা হলো- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যিনি মেয়র পদে নির্বাচন করছেন তার পারিবারিক ‘ব্যাকগ্রাউন্ড’ সবার সামনে তুলে ধরাই এর উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নেই।

তবে এই অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি করে নাগরিক ফোরাম সমর্থিত প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচন সমন্বয় কমিটির দপ্তর বিষয়ক সদস্য সচিব মাসুদুল হাসান খান মুক্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব মুক্তিযোদ্ধারা তো আর আওয়ামী লীগ করে না। এটা উদ্দেশ্যপ্রণোদিত।”

সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সদস্য জিনুতুন নেসা তালুকদার, মীর ইকবাল, রুহুল আমীন প্রামানিক, ফরহাদ আলী মিয়া, আশরাফুল আলম তারা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসিক নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী হিসাবে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে হাবিবুর রহমান মেয়র পদে নির্বাচন করছেন।