শামীম হত্যা মামলা: চার পুলিশ জেলে
সাভারে ব্যবসায়ী শামীম সরকার হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সাভার থানা থেকে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক এবং সাভার থানার তিন কনস্টেবল মোজাফফর হোসেন, রমজান আলী ও ইউসুফকে জেল হাজতে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ মামলায় গ্রেপ্তার সাভার থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকিদুল ইসলামকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার জিজ্ঞাসাবাদ শেষে তাকেও জেলহাজতে পাঠানো হবে।
তদন্তের প্রয়োজনে তাদের আবারও রিমান্ডে আনা হতে পারে বলেও জানান আমিনুর।
গত ৫ মে রাতে ব্যবসায়ী শামীম সরকার ও তার ভাগ্নে সাইফুলকে হেমায়েতপুরের মোল্লা সিএনজির পাশ থেকে আটক করে সাদা পোশাকের পুলিশ।
সাভারের হেমায়েতপুরে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভরত এলাকাবাসী।
৬ মে রাতে এ ঘটনায় নিহতের বড়ভাই আমিন সরকার বাদী হয়ে পাঁচ পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনা তদন্তে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়। সাময়িক বরখাস্ত করা হয় ছয় পুলিশ সদস্যকে।
এদের মধ্য থেকে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।
