২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বন্দুক যুদ্ধে ‘জলদস্যু নেয়ামত’ গুলিবিদ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে কথিত জলদস্যু নেয়ামত বাহিনী প্রধান নেয়ামত উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 08:33 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

নোয়াখালীর পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বুধবার রাতে উপজেলার মুছাপুর রেগুলেটর এলাকায় দু’দফা এ বন্দুক যুদ্ধে ছয় পুলিশও আহত হয়েছে।

গুলিবিদ্ধ নেয়ামতকে (৩৫)  নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ‍পুলিশ সদস্যরা জেলা পুলিশ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

কোম্পানীগঞ্জ থানার ওসি সাজেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুলিশ মুছাপুর রেগুলেটর এলাকায় অভিযান শুরু করে। এ সময় পুলিশ ও জলদস্যুদের মধ্যে ঘণ্টাব্যাপী বন্দুক যুদ্ধ হয়।

তিনি আরো জানান, এতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, এসআই সুধীর রঞ্জণ বড়–য়া, এসআই রবিউল হোসেন, এএসআই বিল্লাল হোসেন এবং আরো দুই কনস্টেবল আহত হন।  আহত হয় নেয়ামত বাহিনীর কয়েকজনও।

“এক পর্যায়ে নেয়ামত পানিতে ঝাঁপ দেয় এবং তার সঙ্গীরা পালিয়ে যায়। পুলিশ নেয়ামতকে আটক করে,” বলেন তিনি।

ওসি আরো বলেন, “নেয়ামতকে নিয়ে রাত দেড়টার দিকে পুলিশের ছয়টি দল ওই এলাকায় আবার অভিযানে যায়। তার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ দক্ষিণ মুছাপুর ক্লোজার সংলগ্ন বনবিভাগের কেওড়া বাগানের দিকে অগ্রসর হলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় নেয়ামতের পায়ে গুলি লাগে।”

ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার আনিসুর জানান, নেয়ামত বাহিনীর অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আটক নেয়ামতের বিরুদ্ধে  কোম্পানীগঞ্জ, সন্দীপ, সোনাগাজী ও হাতিয়া থানায় হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণসহ  ১৪টি মামলা রয়েছে বলেও জানান তিনি।