সার্জেন্ট রিয়াজ হত্যা: অলিউলের ১০ বছর সাজা
চালকের ‘অবহেলায়’ গাড়ি চাপা পড়ে এক ট্রাফিক সার্জেন্ট নিহত হওয়ার ঘটনায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
মামলার একমাত্র আসামি মো. অলিউল ইসলামকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেয়ার পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
রায়ে বলা হয়, অলিউলের অবহেলায় গাড়ি চাপা পড়ে সার্জেন্ট রিয়াজউদ্দিনের মৃত্যুর বিষয়টি প্রমাণিত হয়েছে।
রায় শুনে এজলাসে কান্নায় ভেঙ্গে পড়েন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের ছাত্র অলিউল।
মামলার নথি থেকে জানা যায়, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পান্থপথের বটতলায় দায়িত্বপালনরত অবস্থায় একটি প্রাইভেটকার রিয়াজউদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। ২২ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই গাড়ির চালক অলিউলকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি গুলশানের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, নিবন্ধনহীন একটি গাড়ি নিয়ে অলিউল আইন ভেঙে সোনারগাঁও হোটেলের দিক থেকে ইউ টার্ন নিয়ে দ্রুতগতিতে পান্থপথের বসুন্ধরা সিটির দিকে আসছিলেন।
এ সময় সার্জেন্ট রিয়াজ তাকে থামার সংকেত দিলে অলিউল গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যান।
ঢাকা মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট মো. মিনহাজ তোহামী পরদিন তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।
২০১২ সালের ৩১ মার্চ আদালতে দাখিল করা অভিযোগপত্রে ঘটনাটিকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক হিসাবে উল্লেখ করে হত্যার অভিযোগ আনা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৩ জনের জবানবন্দি নেয়া হয়।
