২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, পরদিন উদ্ধার

মুন্সীগঞ্জে অপহরণের ২০ ঘণ্টা পর এক কৃষককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক দম্পতিসহ তিন জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 04:50 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, বুধবার বিকালে সদর উপজেলার চম্পাতলা করলা বাগানের ভেতর থেকে মো. শাহজাহানকে (৫০) উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. সুজন(৩০) ও তার স্ত্রী রেখা বেগম (২৮) এবং মো. শাওন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যারা শাহজাহানকে অপহরণের পর তার পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করেছিলেন।

গ্রেপ্তারদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে সন্ধ্যায় শহরের দেওভোগ এলাকা থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান ওসি।

তিনি বলেন, টঙ্গীবাড়ি উপজেলার আপরকাঠির বাসিন্দা শাহজাহান মঙ্গলবার ব্যক্তিগত কাজে মুন্সীগঞ্জ আদালতে এসেছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ধলাগাঁও বাজার থেকে তাকে অপহরণ করা হয়।

প্রায় দেড় কিলোমিটার দূরে পার্শ্ববর্তী চম্পাতলা করলা বাগানে নিয়ে তাকে আটকে রাখা হয়।

এরপর তার মুক্তির জন্য মোবাইল ফোনে পরিবারের কাছে দুই লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।

স্বজনরা বিষয়টি পুলিশকে জানালে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।