২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্রণী ব্যাংকের পরীক্ষা বাতিল

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের পরীক্ষা বাতিল করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 03:35 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

গত ৩১ মে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপের পর ব্যাংকটির পরিচালনা পর্ষদ বুধবার রাতে এই সিদ্ধান্ত নিলো।

রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা (উপ মহাব্যবস্থাপক) কবির আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩১ মের পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তীতে নতুন সময়সূচি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।”

আগের প্রবেশপত্র দিয়েই পরীক্ষার্থীরা নতুন পরীক্ষায় অংশ নিতে পারবেন বলে জানান তিনি।

রাজধানীর ১৫টি কেন্দ্রে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষায় ৪২ হাজার পরীক্ষার্থী অংশ নেন।

পরীক্ষার দিন সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন ফটোকপির দোকানে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র পাওয়া যাচ্ছিলো বলে অভিযোগ করেন অনেক পরীক্ষার্থী।

পরীক্ষা চলাকালে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে উত্তর সরবরাহের অভিযোগ নিয়েও সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ হয়।

অনেক পরীক্ষার্থী এই বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ চেয়ে চিঠিও পাঠান।

এরপর পরীক্ষার বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত জানতে চেয়েছে গত সোমবার কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির কর্তৃপক্ষকে চিঠি দেয়।

এ নিয়ে শত শত অভিযোগ প্রতিদিন বাংলাদেশ ব্যাংকের জমা হচ্ছে জানিয়ে চিঠিতে বলা হয়, “অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসারের মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ বেশ স্পর্শকাতর।

“এ অবস্থায় ব্যাংক কর্তৃপক্ষ ওই পরীক্ষা বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে, তা আগামী ২০ জুনের মধ্যে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।”

চিঠি পাওয়ার পর অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান খন্দকার বজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বুধবারের সভায়ই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

ওই সভায়ই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হলো।