২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চাপা দিয়ে সার্জেন্টকে হত্যা, রায় বৃহস্পতিবার

সার্জেন্ট রিয়াজউদ্দিন হত্যা মামলার রায় বৃহস্পতিবার ঘোষণার দিন রেখেছে ঢাকার একটি আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুন্যালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেবেন।

২০১২ সালের ১৪ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পান্থপথের বটতলায় দায়িত্বপালনরত অবস্থায় একটি প্রাইভেটকার রিয়াজউদ্দিনকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

২২ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় প্রাইভেটকার চালক মো. অলিউল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের, ৫ নম্বর বাড়ির বি/৪ ফ্ল্যাটের বাসিন্দা মো. শফিকুল ইসলামের ছেলে।

মামলার নথি থেকে জানা যায়, নিবন্ধনহীন একটি গাড়ি নিয়ে অলিউল আইন ভঙ্গ করে সোনারগাঁও হোটেলের দিক থেকে ইউটার্ন নিয়ে পান্থপথের বসুন্ধরা সিটির দিকে আসছিল।

দ্রুতগতিতে চলতে থাকা গাড়িটি থামার নির্দেশ দেন সার্জেন্ট রিয়াজ। কিন্তু অলিউল গাড়ি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যায়।

পরের দিন ঢাকা মহানগর ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট মো. মিনহাজ তোহামী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

২০১২ সালের ৩১ মার্চ আদালতে দাখিল করা অভিযোগপত্রে ঘটনাটিকে পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক বর্ণনা করে হত্যার অভিযোগ আনা হয়।

এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৫ জনের জবানবন্দি নেয়া হয়েছে বলে জানান রফিকুল ইসলাম।