উনি তাল হারিয়েছেন: প্রধানমন্ত্রী
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘তাল’ হারিয়ে ‘দিশেহারা’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “বিরোধীদলীয় নেতাকে বলব, এদিক-ওদিক না করে গণতন্ত্রের পথে চলুন। আপনি নিজেই লাভবান হবেন।”
তত্ত্বাবধায়ক সরকার এলে খালেদা জিয়াকে আবারো ‘জেলের ভাত’ খেতে হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “এতে কোনো সন্দেহ নেই- এটা উনার মনে রাখা উচিত। কেউ উনাকে ছাড়বে না।”
গণতান্ত্রিক ধারা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বালাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আওয়ামী লীগই দেবে। আমরাই দেব।”
চার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ায় বিরোধীদলকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, এর মধ্য দিয়ে বিরোধী দল স্বীকৃতি দিল যে, আওয়ামী লীগের সময়ে নিরপেক্ষ নির্বাচন হয়।
তত্ত্বাবধায়ক নয়, সংবিধান অনুসারেই নির্বাচন অনুষ্ঠানের যৌক্তিকতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। সংবিধান মোতাবেক বাংলাদেশে নির্বাচন হবে।নির্বাচন নিয়ে অনেক খেলা হয়েছে, পরীক্ষা-নিরীক্ষা হয়েছে।
“আগামীতে যাতে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে, অসাংবিধানিকভাবে কেউ যেন ক্ষমতা নিতে না পারে- সেজন্য, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে একটা নির্বাচন সাংবিধানিক ধারা মোতাবেক হতে হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে সে নির্বাচন হবে।”
গত ৫ মে হেফাজতে ইসলামের ঢাকা অবরোধের আগের দিন এক সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে সরকারকে ৪৮ ঘণ্টা সময় বেধে দেন খালেদা জিয়ার।
এ বিষয়টি তুলে ধরে শেখ হাসিনা বলেন, “উনি যে বক্তব্য দিলেন- তাতে মনে হয় আওয়ামী লীগ ভেসে যাবে।
“আওয়ামী লীগ তো ভেসে আসেনি। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের অনেক গভীরে। তাদের বরং ভয় থাকা উচিত- তাদের জন্ম ডিকটেটরের পকেট থেকে, ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে।”
প্রতিহিংসা নয়, আওয়ামী লীগের রাজনীতি দেশের উন্নয়নের লক্ষ্যে মন্তব্য করে হাসিনা বলেন, “২০০১ এ যে অত্যাচার করেছিলেন, তার প্রতিশোধ নিতে গেলে বিএনপি থাকতো কি না সন্দেহ। আমরা তা করিনি। আমরা জনগণের উন্নয়নে কাজ করেছি।”
