নীলক্ষেতে গাড়ি ভাংচুরে ছাত্রীরা
রাজধানীর নীলক্ষেত মোড়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা তিনটি গাড়ি ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে বলে পুলিশকে জানিয়েছে লেগুনা পরিবহন মালিকদের নিয়ে গঠিত ‘রোড কমিটি’র সদস্য রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে হঠাৎ করেই গার্হস্থ্য অর্থনীতি কলেজের ছাত্রীরা সড়কে নেমে তিনটি লেগুনা ভাংচুর করে।
লালবাগ থানায় মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে দাবি করে রফিক বলেন, বুধবার কলেজ কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করবেন।
তিনি বলেন, গত মাসে কলেজের সামনে গাড়ি না রাখতে বলেছিলো ছাত্রীরা এবং তা মেনে নেয়াও হয়েছিলো।
এখন গাড়িগুলো কলেজের মূল ফটক থেকে দূরে পেট্রোল পাম্পের সামনে রাখা হয় বলে দাবি করেন গাড়ি মালিকদের এই নেতা।
এই বিষয়ে লালবাগ থানার ওসি নুরুল মুত্তাকীম বলেন, নীলক্ষেত মোড়ে গাড়ি ভাংচুরের সুনির্দিষ্ট অভিযোগ তারা পাননি।
তবে নীলক্ষেত মোড়ে গিয়ে সেখানে গাড়ির ভাঙা কাচ চোখে পড়েছে বলে জানান তিনি।
