নসিমন-করিমন মহাসড়কে আর নয়: কাদের
মহাসড়কগুলোতে নসিমন-করিমনের মতো অননুমোদিত যানবাহন চলাচল করতে পারবে না বলে আবার জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মহাসড়ক ব্যবহারকারী ভারী যানবাহনের মালিক-শ্রমিকদের দাবির মধ্যে মন্ত্রী এর আগেও কয়েকবার এই ঘোষণা দিলেও তার কার্যকারিতা দেখা যায়নি।
মঙ্গলবার বিআরটিএ আয়োজিত এক কর্মশালায় ওবায়দুল কাদের বলেন, “এ সব গাড়ির (অননুমোদিত যান) চালক ও যাত্রীদের কথা বিবেচনা করে আপাতত জেলা পরিষদের রাস্তাগুলোতে চললেও হাইয়েতে আর চলতে দেয়া হবে না।”
মহাখালী বাস টার্মিনালে পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির জন্য ওই কর্মশালা আয়োজন করে।
মহাসড়কে দুর্ঘটনার জন্য ভারী যানবাহনের মালিক-শ্রমিকরা ছোট ওই সব যানগুলোকে দায়ী করে আসছেন। অননুমোদিত এই যান চলাচল বন্ধে বিভিন্ন অঞ্চলে অনেকবারই ধর্মঘট ডেকেছেন তারা।
ওবায়দুল কাদের বলেন, “অনেক স্বল্প আয়ের মানুষ এ গাড়িগুলোতে চলাচল করেন, অনেকে এ গাড়িগুলো চালিয়ে সংসার চালান, এ সব বিবেচনা করে রাতারাতি এগুলো বন্ধ করা যাবে না।”
যাত্রী ও চালকদের বিকল্প ব্যবস্থা করে এই যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়া হবে বলে জানান তিনি।
চালকদের জন্য প্রশিক্ষণ কর্মশালাগুলো বদ্ধ ঘরে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন টার্মিনালে তা আয়োজনের জন্য বিআরটিএকে নির্দেশ দেন মন্ত্রী।
প্রতিটি গাড়িতে একজন চালকের বিকল্প রাখার পরামর্শ দেন তিনি। গাড়ি চালনার সময় মোবাইল ফোনে কথা এবং ধূমপান না করতে চালকদের পরামর্শ দেন তিনি।
রাস্তা পারাপারের ক্ষেত্রে মালিক, চালকদের পাশাপাশি পথচারীদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী।
কর্মশালায় নৌমন্ত্রী শাজাহান খান সড়কে দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করার সমালোচনা করেন।
“মিরসরাইয়ের দুর্ঘটনা কিংবা তারেক মাসুদ নিহত হওয়ার ঘটনা দুটোই অত্যন্ত দুঃখজনক। কিন্তু এর জন্য শুধু চালকদের দায়ী করা হয়। এই ঘটনাগুলোর জন্য কি শুধুই চালক দায়ী?”
“এ নন্দ ঘোষের অপবাদ থেকে বাঁচতে হলে চালকদের আরো সাবধানে গাড়ি চালাতে হবে। আমরা খান সেনা কিংবা ঘাতক নই,” চালকদের বলেন এই পরিবহন শ্রমিক নেতা।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান থান কামাল, বিআরটিএ চেয়ারম্যান আ ল ম আব্দুর রহমান প্রমুখ।
‘কাছের মানুষ দূরে সরে যাচ্ছে’
নির্বাচন ঘনিয়ে আসায় অনেক কাছের মানুষ দূরে সরে যাচ্ছে বলে আক্ষেপ করেছেন যোগাযোগমন্ত্রী কাদের।
তিনি বলেন, “সরকারের শেষ দিন যত ঘনিয়ে আসছে ততই মনে হচ্ছে কাছের অনেকে দূরে সরে যাচ্ছেন। অনেক আত্মীয় অনাত্মীয়ে পরিণত হয়েছেন।”
“ক্ষমতার রাজনীতিতে সততা নিয়ে টিকে থাকা কঠিন। কালো টাকা প্রভাবিত নির্বাচনে আমার মতো প্রার্থীদের লড়াই করে টিকে থাকা দুরূহ কাজ,” বলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
