হরতালে ৪ শিবিরকর্মীকে সাজা
হরতালে পিকেটিংয়ের সময় ঢাকায় আটক ইসলামী ছাত্রশিবিরের চার কর্মীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার হরতালের সকালে মিটফোর্ড এলাকায় মিছিলের চেষ্টার সময় ওই চারজনকে আটক করা হয়। বিকালে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সাজা দেয়া হয় বলে কোতোয়ালি থানার ওসি শাহ আলম জানিয়েছেন।
দণ্ডিতরা হলেন- আব্দুল্লাহ আহাদ, আশরাফুল ইসলাম, ইদ্রিস আলী ও মাহবুবুর রহমান। এদের মধ্যে আহাদ, আশ্রাফুল, ইদ্রিস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং মাহবুর ঢাকা ল কলেজের ছাত্র।
গাড়ি ভাংচুরের চেষ্টা, সরকারি কাজে বাধা দেয়ার জন্য এই সাজা দেয়া হয়েছে বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
পুলিশ কর্মকর্তা শাহ আলম বলেন, মফিজ নিদোর্ষ প্রমাণিত হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।
আদালত অবমাননার জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল তিন নেতাকে সাজা দেয়ায় সোমবার সারাদেশে হরতাল ডাকে জামায়াত। বিক্ষিপ্ত কয়েকটি সংঘর্ষ ছাড়াই এই হরতালে তেমন সাড়া দেখা যায়নি। হরতালে দূর পাল্লার বাস চলাচল বন্ধ ছাড়া আর সবই ছিলো স্বাভাবিক।
হরতালে ঢাকা মহানগরে ১০ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
