২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈশ্বরদী এটিআইতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন

পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) এর শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের ধর্মঘট ও ক্লাস বর্জনের ডাক দিয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 11:59 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার সকাল থেকে বহিরাগত সন্ত্রাসীদের হামলা, মারধর ও ছিনতাইয়ের প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচি শুরু করেছে।

সোমবার দুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা ঈশ্বরদী শহরে লাঠি মিছিল বের করে এবং ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আবুল কালাম আজাদ মিন্টুর বাড়ি ঘেরাও করে।

ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাস ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ত্রাসী হামলার ঘটনায় বেশ কিছুদিন আগে ঈশ্বরদী থানায় একটি মামলা হয়েছে।

সেই মামলার আসামিরা এসব ঘটনা ঘটাচ্ছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রোববার ‘সরকার সমর্থক’ বহিরাগতরা কলেজ ক্যাম্পাস ও ছাত্রাবাসে এসে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যাওয়ার জন্য চাপ দেয়। না গেলে তাদের কয়েকজনকে প্রচন্ড মারধর করে এবং অনেকের টাকা-পয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।

এসব সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং উপযুক্ত শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে শিক্ষার্থীরা কলেজ ভবনের সামনে বিক্ষোভ করে এবং সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন।

ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) কলেজের অধ্যক্ষ গোলাম মর্তূজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় শিক্ষার্থীরা থানায় জানানোর পরে ও সন্ত্রাসীদের এ সকল কার্যকলাপ বন্ধ হচ্ছে না।

স্থানীয় কলেজ পাড়ার কিছু উচ্ছৃঙ্খল যুবক এই ঘটনার সঙ্গে জড়িত বলে অধ্যক্ষ জানান।