২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংসদ নির্বাচন ইভিএমে হবে না’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 11:43 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

সোমবার দুপুরে সিলেটে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেন, “সংসদ নির্বাচনের জন্যে যে আইন বা বিধি তার মধ্যে ইভিএম এর কথা নেই। সে কারণেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না।”

তিনি সিলেটের আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও  প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই উল্লেখ করে জাবেদ আলী বলেন, নির্বাচনে এখনো  সেনা মোতায়েনের পরিবেশ সৃস্টি হয়নি।

“কমিশনের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দাসংস্থা সিলেটসহ চার সিটি কর্পোরেশন এলাকায় কাজ করছে। তাদের রিপোর্টে এখনো সেনা মোতায়েনের সুপারিশ করা হয়নি।”

চার সিটি কর্পোরেশনে নির্বাচন হবে আগামী ১৫ জুন। সে নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে আসছে বিরোধী দল বিএনপি।

যদিও নির্বাচন কমিশন প্রথম থেকেই বিরোধী দলের এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাবেদ আলী বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী কোন প্রার্থী তথ্য গোপন করলে  রেহাই নেই।

তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেটা নির্বাচনের আগে-পরে যেকোন সময় হতে পারে, বলেন নির্বাচন কমিশনার।

সভায় সিলেট বিভাগীয় কমিশনার এ এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. এজহারুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিভাষ চন্দ্র মাঝি।