গাজীপুরে পিকআপে অগ্নিসংযোগ
জামায়াতে ইসলামীর হরতালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় পিকেটাররা একটি পিকআপে অগ্নিসংযোগ করেছে।
সোমবার দুপুরে ঘোড়াশাল বাইপাস সড়কে উত্তরা ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি নাজমুল হক ভুঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সোয়া ১টার দিকে মোটরসাইকেলে দুই যুবক পিকআপটির গতিরোধ করে।
এরপর কিছু বুঝে ওঠার আগেই তারা গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এরপর তারা আবার দ্রুত চলে যায়।
এদিকে জেলায় ঢিলেঢালাভাবে হরতাল চলছে। দূরপাল্লার কোনো যান চলেনি। তবে স্থানীয় যানবাহনগুলো চলাচল করেছে সকাল থেকে।
আদালত অবমাননার কারণে জামায়াতের তিন নিতাকে সাজা দেয়ার প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
