দূরের বাস বন্ধ, নগর পরিবহন চলছে
জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে রাজধানী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজধানীর ভেতরেও যানবাহন চলাচল করছে অন্যান্য হরতালের তুলনায় বেশি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কে লোক সমাগমও বাড়ছে।
সকাল থেকে নগরীরর বিভিন্নস্থানে গণপরিবহন ছাড়াও ব্যাক্তিগত গাড়ি চলাচল করতে দেখা গেছে। অন্য হরতালের দিনের মতো রিকশা চলছে ভিআইপি সড়কেও।
সোমবার সকালে হরতালের শুরুতে ঢাকার আন্তঃজেলা বাস টার্মিনালগুলো ঘুরে দূরপাল্লার বাস ছাড়তে দেখা যায়নি। অন্যান্য জেলা থেকেও একই খবর পাওয়া গেছে।
গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে বাসগুলো সার বেঁধে দাঁড় করিয়ে রাখতে দেখা যায়। তবে মহাখালী থেকে দুয়েকটি বাস সকালে গাজীপুরের দিকে ছেড়ে গেছে বলে পরিবহন শ্রমিকরা জানান।
হানিফ পরিবহনের কাউন্টার ম্যানেজার বলাই দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝুঁকির কারণে তারা কোনো গাড়ি ছাড়েননি। সন্ধ্যায় হরতাল শেষে যাত্রী নিয়ে গন্তব্যের দিকে রওনা হবে তাদের গাড়ি।
বলাই বলেন, দূরপাল্লার গাড়িতে আগুন দেয়া হলে একদিকে লাখ লাখ টাকার ক্ষতির আশঙ্কা থাকে, অন্যদিকে যাত্রীরাও ঝুঁকির মুখে পড়েন। এ কারণেই হরতালে তারা গাড়ি ছাড়েন না।
কমলাপুর রেলওয়ে থনার ওসি মো. আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে সব ট্রেনই যথাসময় ছেড়ে গেছে। কোথাও কোনো সমস্যার খবর তারা পাননি।
আদালত অবমাননার দায়ে ট্রাইব্যুনালে তিন নেতার সাজার প্রতিবাদে জামায়াতে ইসলামী সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল করছে। হরতালে বিশৃঙ্খলা এড়াতে সড়কের মোড়ে মোড়ে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান রয়েছে।
