২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে জাহাঙ্গীরের প্রার্থীতা স্থগিত, বাতিল নাজিমের

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী গাজীপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পদত্যাগের অনুমোদনপত্র জমা না দেয়ায় নির্বাচন কমিশন তার প্রার্থীতা স্থগিত করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:56 AM

মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন রোববার বিকালে রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান একথা জানান।

“একই দিন ঋণ খেলাপীর অভিযোগে মেয়র প্রার্থী নাজিম উদ্দিনের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে।”

রিটার্নিং কর্মকর্তা মো. মতিয়ার রহমান আরো জানান, জাহাঙ্গীরকে পদত্যাগের কাগজ-পত্র জমা দেয়ার জন্য সোমবার বিকাল ৪টা পর্যন্ত সময় দেয়া হয়েছে।

এছাড়া ব্যাংক এশিয়া টঙ্গী শাখায় ছেলে জাকারিয়া আহমেদের ঋণের জামিনদার ছিলেন নাজিম উদ্দিন। সেই ঋণটি এখন খেলাপী হয়েছে। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বাকি সাত জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।

নাজিম উদ্দিন জানান, নির্বাচন কমিশন অবিচার করছে। তিনি আইনের আশ্রয় নেবেন।

জাহাঙ্গীর আলম বলেন, তিনি পদত্যাগ করেছেন। সেই চিঠি মন্ত্রণালয়ে গেছে। যার স্মারক নম্বরও তার কাছে রয়েছে।

তার মনোনয়নপত্র স্থগিতের পেছনে সরকারদলের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেন জাহাঙ্গীর।

১০ জুন বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই চলবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৭ জুন এবং ১৮ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

আগামী ৬ জুলাই গাজীপুরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সিটি কর্পোরেশনের মোট ভোটার ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন।