বুয়েট ছাত্রী সনির মৃত্যুবার্ষিকী পালিত
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্বদ্যালয়ের (বুয়েট) ছাত্রী সাবিকুন নাহার সনির একাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে শনিবার।
দিনটি পালন উপলক্ষে তার স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন, হত্যার বিচার দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন।
২০০২ সালের ৮ জুন টেন্ডার নিয়ে বুয়েট ছাত্রদলের মুকি এবং এসএম হল ছাত্রদলের টগর গ্রুপের বন্দুকযুদ্ধে ক্রসফায়ারে পড়ে নিহত হন কেমিকৌশল ১৯৯৯ ব্যাচের ছাত্রী সনি।
সকালে বুয়েটের আহসানউল্লাহ হল সংলগ্ন তার স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন সনির পরিবারের সদস্যরা, বাংলাদেশ নাগরিক সমাজ, বুয়েট ছাত্রলীগ, বুয়েট শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গণ ফোরাম এবং সনি মেমোরিয়াল ফাউন্ডেশন প্রভৃতি সংগঠন।
দুপুরে একই স্থানে হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বুয়েটের একমাত্র ছাত্রী হলের নামকরণ সনির নামে করা এবং ৮ জুনকে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস প্রতিরোধ দিবস’ পালনের দাবিও জানানো হয়।
মানববন্ধনে বুয়েট ছাত্রলীগের আহ্বায়ক আমিনুল হক পলাশ বলেন, ১১ বছর পরও সনি হত্যার বিচার কাজ শুরু হয়নি। তৎকালীন প্রশাসন নির্লজ্জভাবে বিষয়টি এড়িয়ে গেছেন এবং যারা সনি হত্যার বিচার চায় উল্টো তাদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
ছাত্রী হলের নামকরণের দাবি জানিয়ে তিনি বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে একটি দিনের জন্য অন্তত বুয়েট ক্যাম্পাস বন্ধ থাকুক ।
