গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক আটক
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজছাত্রী।
শনিবার ফুলবাড়িয়া এলাকায় ওই ঘটনায় পুলিশ আফজাল হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে।
আফজাল কালিয়াকৈরের সিঙ্গাপুর বাজার এলাকার রহমত আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, কালিয়াকৈরের ফুলবাড়িয়ার একটি কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে একটি বিলের পাড় ধরে হেঁটে যাওয়ার সময় আগে থেকেই অবস্থান নেয় আফজাল তাকে আটকে ধর্ষণ করে।
এসময় এক জেলে ঘটনাটি দেখতে পেয়ে ফুলবাড়িয়া বাজারের লোকজনকে জানান।
পরে বাজারের লোকজন গিয়ে ছাত্রীটিকে উদ্ধার করে এবং আফজালকে আটক করে পিটুনি দিয়ে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সোপর্দ করে।
ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
