অবৈধ ওষুধ প্রস্তুতকারকের কারাদণ্ড
পুরান ঢাকায় একটি অননুমোদিত ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শনিবার সকালে পাটুয়াটুলির হামিদ হামিদ মঞ্জিলের দুতলার সুপার মার্কেট কোম্পানিতে র্যাবের অভিযানে কাচাঁমালসহ ভেজাল ওষুধও জ্বব্দ করা হয়।
অভিযান শেষে ওই কোম্পানির মালিক আ. বারেককে দুই বছরের কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করেন আদালতের বিচারক আনোয়ার হোসেন পাশা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদপ্তরে অনুমতি ছাড়া ওষুধ প্রস্তুত করায় আ. বারেককে দুবছরের কারাদণ্ড দেয়াসহ একলাখ টাকা জরিমানা করা হয় ।
আগেও কেরানিগঞ্জে একইভাবে ভেজাল ওষুধের ব্যবসা করার দায়ে তার শাস্তি হয়েছিল বলে জানান আনোয়ার।
র্যব-১০ এর ক্যাপ্টেন নাফিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে মালিককে আটক করে কাচাঁমালসহ ভেজাল ওষুধ আটক করা হয়েছে।
বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ-টু-জেড ক্যাপসুল, ওরস্যালাইন ও এন্জেলাসহ নয় ধরণের ওষুধ প্রস্তত করতেন, মিটফোর্ড হাসপাতালের সামনের একটি দুকানে পাইকারি ও খুচরা বিক্রি করা হত।
