নওগাঁয় ‘বন্ধুর হাতে’ তরুণ খুন
নওগাঁর সাপাহার উপজেলায় বন্ধুর হাতে এক তরুণ খুন হওয়ার অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, শুক্রবার পিছলডাঙ্গা বিদ্যানন্দি গ্রামে নিহত হন কুদরত আলী (১৮)। তিনি ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।
এ ঘটনায় একই গ্রামের সুমন বাবুকে (১৮) আসামি করে থানায় মামলা করেছেন নিহতের বাবা।
সাপাহার থানার ওসি নূর ইসলাম বলেন, সুমন বাবু ও কুদরত আলী দুই বন্ধু প্রায়ই একসঙ্গে চলাফেরা করতেন।
দুপুরে গ্রামের একটি মাঠে তারা গল্প করছিলেন। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে কুদরতকে কিল ঘুসি ও মারপিট করতে থাকেন সুমন।
এতে কুদরত মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
গ্রামের লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি নুর ইসলাম আরো বলেন, কী কারণে হত্যাকাণ্ডটি হয়েছে আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বলা সম্ভব নয়।
সুমন পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তার চেষ্টা চলছে, বলেন তিনি।
