চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের গণসচেতনতা কর্মসূচি শুরু
ঝুঁকিমুক্ত ও পরিকল্পিত নগরী গড়ে তুলতে মাসব্যাপী গণসচেতনতা কর্মসূচি শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী শুক্রবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি বলেন, কোনো পরিকল্পনা ছাড়াই দেশে যেভাবে ঘর-বাড়ী তৈরি করা হচ্ছে তাতে ২০৪০ সালের মধ্যে কোনো কৃষি জমি থাকবে না।
তাই ৫০-৬০ তলা ভবন নির্মাণ করার দিকে জোর দিতে হবে বলে মনে করেন তিনি।
ফজলে করিম বলেন, “এখন থেকে যেসব ভবন হবে সেগুলোর অনুমোদন ঝুলিয়ে রাখতে হবে। তাহলে জনগণ বুঝবে কোন ভবনের অনুমোদন আছে, আর কোনটির নেই। কেউ অবৈধভাবে কিছু করছে কি না তাও ধরা পড়বে।”
মধ্যম আয়ের মানুষের জন্য আবাসন নির্মাণে এগিয়ে আসার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে উদ্যোগ নেয়ার আহবান জানান তিনি।
তারা এ উদ্যোগ নিলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে সিডিএর বোর্ড সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উপ-প্রধান নগর পরিকল্পনাবিদ সরোয়ার উদ্দিন আহামেদ প্রমুখ বক্তব্য দেন।
এসময় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রমিকদের সনদ দেয়া হয়। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকালে ‘ভূমিকম্প সহনীয় ইমারত নির্মাণ: বাংলাদেশ প্রেক্ষিত’ শিরোনামের একটি সেমিনার হয়।
