২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহু প্রতীক্ষার গ্যাস পেল রাজশাহীবাসী

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার রাজশাহীতে দেয়া হলো গ্যাসের সংযোগ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 11:24 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

সকালে নগরীর শিরোইল মঠপুকুর এলাকায় ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়িতে চুলা জ্বালিয়ে গ্যাস সংযোগের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর।

তবে সিটি কর্পোরেশন নির্বাচনকে প্রভাবিত করতে তড়িঘড়ি করে গ্যাস সংযোগ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সকাল ১১টায় এক অনাড়ম্বর উদ্বোধন অনুষ্ঠানে হোসেন মনসুর বলেন, ভাষাসৈনিক আবুল হোসেনের বাড়িতে গ্যাস সংযোগ দেয়ার মাধ্যমে রাজশাহীতে গ্যাস সরবরাহ শুরু হলো। পর্যায়ক্রমে নগরের প্রতিটি ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেয়া হবে।

সময়মতো গ্যাস দিতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে দুঃখ প্রকাশ করে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, “তিনি (খায়রুজ্জামান লিটন) মেয়র থাকাকালে বার বার তাগাদা দিয়েছিলেন বলেই তাড়াতাড়ি গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হয়েছে।”

নির্বাচনের প্রচারণার সময় গ্যাস সংযোগের ফলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হোসেন মনসুর বলেন, নির্বাচন কমিশন তাদের মতো কাজ করবে, পেট্রোবাংলা তার মতো কাজ করবে। এখানে একটির সঙ্গে অন্যটির মিল খোঁজার কোনো কারণ নেই।

অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, ১৯৮৬ সালে ঢাকায় মানুষ তিতাস গ্যাস পেয়েছিল। সেই সময় সাহিত্যিক শওকত ওসমানের বাসায় সংযোগ দিয়ে উদ্বোধন করা হয়েছিল। সেই ঐতিহ্যের অংশ হিসেবে ভাষাসৈনিক আবুল হোসেনের বাসায় সংযোগ দেয়া হল।

এ সংযোগের মাধ্যমে শুধু আবুল হোসেনকেই সম্মানিত করা হয়নি, পুরো জাতিকে সম্মানিত করা হয়েছে বলে মন্তব্য করেন বাদশা।

রাজশাহীতে গ্যাস সংযোগের জন্য সাবেক মেয়র এ এইচ এম খায়ররুজ্জামান লিটনের অবদান স্মরণ করে সাংসদ বলেন, “রাজশাহীতে গ্যাস সংযোগের ইতিহাসে তার (লিটন) নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সাবেক ছাত্র উপদেষ্টা গোলাম সাব্বির সাত্তার, ভাষাসৈনিক আবুল হোসেন, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি প্রমুখ।

বিএনপির সংবাদ সম্মেলন

গ্যাস সংযোগ উদ্বোধনের এক ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে পেট্রোবাংলার চেয়ারম্যানের অপসারণ দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু বলেন, নির্বাচনকে প্রভাবিত করতে তড়িঘড়ি করে গ্যাস সংযোগ দেয়া হয়েছে। প্রথম তালিকায় যে ৩২ জনকে গ্যাস দেয়া হচ্ছে তারা সরকারের মন্ত্রী-এমপি ও সাবেক মেয়রের আত্মীয় ও বন্ধুবান্ধব বলে অভিযোগ তোলেন তিনি।

মিনু আরো বলেন, যারা গ্যাস পাচ্ছেন তাদের মধ্যে সদ্য পদত্যাগী মেয়রের সাতজন, জ্বালানি প্রতিমন্ত্রীর চারজন, শিল্প প্রতিমন্ত্রীর তিনজন ও স্থানীয় সংসদ সদস্যের দুইজন আত্মীয় ও বন্ধুবান্ধব রয়েছেন।

এ সময় তিনি সিটি নির্বাচন প্রভাবমুক্ত রাখতে আগামী ১৩ জুন সারদা পুলিশ একাডেমিতে প্রধানমন্ত্রীর সফর বাতিলেরও দাবি জানান।