অবশেষে ‘পরীক্ষামূলক’ জেলা বাজেট
মহাজোট সরকারের নির্বাচনী ইশতেহারের ঘোষণা থাকলেও মেয়াদের শেষ বছরে এসে অবশেষে পরীক্ষামূলক জেলা বাজেট পেল বাংলাদেশ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৩-২০১৪ অর্থবছরের বাজেট পেশ করার সময় টাঙ্গাইল জেলার জন্য পরীক্ষামূলক বাজেটের ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
পরীক্ষামূলক এই বাজেটে চলতি আগামী অর্থবছরের টাঙ্গাইল জেলার জন্য মোট ১৬৭৩ কোটি ৪৫ লাখ ৬৭ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এর মধ্যে অনুন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ১১১৮ কোটি ৫৫ লাখ ৪৩ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৫৫৪ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকা।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে বিজয়ের পর থেকে প্রতি বাজেটের সময় ‘আগামী বছর জেলা বাজেট দেয়া হবে’ বলে ঘোষণা দেয়া হতো।
এবারের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “অবশেষে জেলা বাজেট এবার সম্ভবপর হলো।
“এবার টাঙ্গাইল জেলার জন্য একটি পরীক্ষামূলক জেলা বাজেট পেশ করছি। আমি আরও আশা করছি যে, আগামী দুই মাসের মধ্যে আমরা বাকী ৬টি বিভাগের ৬ জেলার জেলা বাজেট টাঙ্গাইলের ধাঁচে প্রকাশ করতে পারবো।”
রাজস্ব উন্নয়ন বাজেটের অধীনে পরিচালিত টাঙ্গাইল জেলায় সরকারের বিভিন্ন দপ্তরের কাজকর্ম সম্পর্কে একেবারে নির্ভুল না হলেও নির্ভরযোগ্য বিবৃতি এই জেলা বাজেটে থাকছে বলে তিনি জানান।
মুহিত বলেন, “এখানে জেলাতে সরকারের বাজেটমাফিক কী ধরণের কার্যক্রম হচ্ছে এবং কত খরচ হচ্ছে তার একটি ধারণা পাওয়া যাবে। এই বাজেট প্রণয়নের উদ্দেশ্য হচ্ছে যে, সরকারের বিভিন্ন কার্যক্রমে একটি জেলা কীভাবে প্রভাবিত এবং উপকৃত হয় তার বিবরণ প্রদান। আমার প্রত্যাশা যে, এতে সরকারের কাজে স্বচ্ছতা এবং দায়বদ্ধতা আরো উন্নত হবে।”
ভবিষ্যতে জেলা থেকে আসা প্রস্তাবিত অভিমত ও কার্যক্রমগুলোও আস্তে আস্তে জেলা বাজেটে স্থান পাবে বলে আশা করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, “অবশ্য তার একটি পূর্ব শর্ত আছে, সেটি হচ্ছে, শক্তিশালী জেলা পরিষদ।”
টাঙ্গাইল জেলা বাজেটের আলাদা বিবরণীতে বলা হয়, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশে কেন্দ্রীয়ভাবে বাজেট করা হয়। কেন্দ্রীয় এই বাজেটে দেশের কোনো বিশেষ ভৌগলিক এলাকা বা জেলাভিত্তিক আয়/ব্যয়ের কোনো হিসাব প্রদর্শন করা হয় না।
বিবরণীতে বলা হয়, জেলা বা মাঠ পর্যায়ের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে ২০০৯-১০ অর্থবছরে বাজেট বক্তৃতায় জেলা বাজেটের ঘোষণা দেন অর্থমন্ত্রী। তবে একটি জেলায় কী পরিমাণ অর্থ বরাদ্দ হচ্ছে তা জানতে না পারায় প্রাথমিকভাবে প্রতিটি বিভাগের একটি জেলায় ‘জেলা বাজেট’ প্রণয়নের কথা ঘোষণায় বলা হয়।
পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের বাজেটগুলো সংকলন করার পদ্ধতি এবং প্রয়োজনীয় কর্তৃপক্ষ না থাকাটা জেলা বাজেট প্রণয়নের ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, “কেন্দ্রীয় বাজেটে জেলা পর্যায়ের দপ্তর বা সংস্থার ব্যয় প্রাক্কলন প্রদর্শনের জন্য পৃথক কোড নাই। কেন্দ্রীয়ভাবে গৃহীত প্রকল্পে জেলা ও উপজেলায় জন্য ব্যয় দেখানোর ব্যবস্থা নেই।
“সংযুক্ত তহবিলের সকল আয় ও ব্যয় সরকারের কেন্দ্রীয় বাজেটের অংশ। স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের লেনদেন সরকারের বাজেটে দেখানো হয় না। ফলে কেন্দ্রীয় বাজেটের সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের বাজেটের সমন্বয় নেই।”
বিবরণীতে আরো বলা হয়, প্রকৃত অর্থে জেলা বাজেট বলতে যা বুঝায় প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া কেবল বাজেট প্রণয়ন পদ্ধতি বা বাজেট শ্রেণীবিন্যাস কাঠামোর সংস্কারের মাধ্যমে জেলা বাজেট প্রণয়ন করা সম্ভব নয়।
এবার বাজেটের আকার ধরা হয়েছে দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা। আর রাজস্ব বাবাদে সরকার এক লাখ ৬৭ হাজার ৪৪৯ কোটি টাকা পাবে বলে আশা করছেন মুহিত। এর মধ্যে আয়কর, আমদানি শুল্ক এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) বাবদে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক লাখ ৩৬ হাজার ৯০ কোটি টাকার যোগান দেবে।
