চট্টগ্রামে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা
অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে চট্টগ্রামে ১০টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর পাড়, খাজা রোড, সুলতান শাহ মাজার এবং কোলা পাড়া এলাকায় চট্টগ্রামের নির্বাহী ম্যজিস্ট্রেট হাবিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
পিডিবি’র দক্ষিণাঞ্চল বিতরণ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হুকিং ও মিটার বাইপাস করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে তাৎক্ষণিকভাবে ১০ জনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানাও আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় হিটার, ফ্যানসহ অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম জব্দ করা হয় বলে জানান তিনি।
