২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

রানা প্লাজা ধসে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং সোহেল রানার শাস্তির দাবিতে সাভারে সড়ক অবরোধ করেছে স্বজনরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 06:28 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে এ অবরোধকালে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়।

পরে রাবার বুলেট, টিয়ার গ্যাস শেল ছুঁড়ে এবং লাঠিপটো করে পুলিশ পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, সকাল ১০টা থেকে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা মহাসড়ক অবরোধ করে। বেলা সাড়ে ১২টার দিকে ‘বহিরাগত’ কিছু লোক অবরোধকারীদের উপর হামলা চালালে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

এ সময় পুলিশ তাদের থামাতে গেলে সংঘর্ষ শুরু হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ তিজনকে আটক করেছে। এরা হলেন পোশাক শ্রমিক মাসুম আলী, গাড়ির বডি মিস্ত্রী সেলাইমান এবং এবার এসএসসি পাশ করা ছাত্র সাব্বির।

বেলা ১টার দিকে মহাসড়কে যান চলাচল শুরু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান।  

তিনি বলেন, অবরোধরত শ্রমিক ও স্বজনদের ওপর বহিরাগত যুবকরা লাটিসোটা নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন।

এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে ইট নিক্ষেপ করে আশেপাশের দোকানপাট ও প্রায় অর্ধশত গাড়ি ভাংচুর করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক ফরিদউদ্দিন বলেন, পুলিশের উপর হামলার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, শ্রমিকদের উপর কারা হামলা করেছে তা খতিয়ে দেখা হবে।

শ্রমিকদের দাবিদাওয়ার বিষয়গুলো আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, বলেন তিনি।