২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগে পরিবহন ধর্মঘট শুরু

১৫ দফা দাবিতে রংপুর বিভাগের আট জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 04:51 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

বুধবার ভোর ৬টা থেকে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগীয় কমিটি।

ধর্মঘটের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে রংপুরের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

তবে, বিভিন্ন গন্তব্যের যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে চলাচল করছেন। ব্যাটারিচালিত অটোরিকশাও চলছে।  

ফেডারেশনের বিভাগীয় সাধারণ সম্পাদক এম এ মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪ জুনের মধ্যে ১৫ দফা বাস্তবায়নের জন্য যোগাযোগ মন্ত্রীকে সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু দাবি পূরণ করা হয়নি। তাই এ ধর্মঘট।

ফেডারেশনের বিভাগীয় সভাপতি আখতার হোসেন বাদল বলেন, ৪৮ ঘণ্টার ধর্মঘটে দাবি পূরণ না হলে ৭২ ঘণ্টার ধর্মঘট দেয়া হবে। 

১৫ দফা দাবির মধ্যে রয়েছে কর্মসংস্থান মন্ত্রণালয়ের গেজেট অনুযায়ী পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান ও বেতন নির্ধারণ, রংপুর কোতোয়ালি থানার ওসির অপসারণ, হিলি স্থলবন্দরে ট্রাকের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব রংপুর বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনকে প্রদান।