২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে ‘আসতে পারেন’ কেরি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তার আসন্ন ভারত সফরের সময় সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশেও আসতে পারেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 04:40 AM

Updated : 25 Apr 2022, 06:49 PM

ভারত-যুক্তরাষ্ট্র চতুর্থ অংশীদারি সংলাপে অংশ নিতে ২৪ জুন দিল্লি আসছেন জন কেরি। এই সফরের অংশ হিসাবেই ২৫ জুন তিনি ঢাকায় আসতে পারেন।

গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই হবে দক্ষিণ এশিয়ায় জন কেরির প্রথম সফর। তার পূর্বসূরী হিলারি ক্লিনটন গত বছরের মে মাসে দুই দিনের সফরে বাংলাদেশে আসেন।

জন কেরির সফরের বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এমিলি জে হর্ন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মুহূর্তে জানানোর মতো কিছু নেই।”

তবে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি, জন কেরি ভারত সফরের সময় সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকায় যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে আমাদের এখনো কিছু বলা হয়নি।”

এমন একটি সময়ে কেরির আসার খবর উঠেছে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) স্বাক্ষরের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা (জিএসপি) অব্যাহত থাকবে কি-না, সে সিদ্ধান্তও ঘোষণার অপেক্ষায় রয়েছে। 

গত মার্চে যুক্তরাষ্ট্র সফরের সময় কেরির সঙ্গে সাক্ষাত করে তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।  সে সময় কেরির পক্ষ থেকে জানানো হয়েছিল, সুযোগ পেলে শিগগিরই তিনি ঢাকা সফর করতে পারেন।