২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ী ফ্লাইওভারের কাজ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশ

গুলিস্তান-যাত্রাবাড়ী মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 02:13 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

এই প্রকল্পের কাজে সমন্বয়হীনতা ও ধীর গতিতে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে হানিফ ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের এক জরুরি সমন্বয় সভায় নানক বলেন, “যে কোনো মূল্যে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে হানিফ ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ করতে হবে।”

এই প্রকল্প কাজের সমন্বয়হীনতা ও ধীর গতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পটির কাজের মান ও সময়সীমা নিয়ে কোনো শৈথিল্য মেনে নেয়া হবে না।

প্রকল্প এলাকায় ডিপিডিসির বৈদ্যুতিক লাইন অপসারণ, সায়েদাবাদ ও ফুলবাড়ীয়ার অবৈধ দোকানপাট উচ্ছেদ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ফোর্স নিয়োগের মাধ্যমে যানজট নিরসনেরও নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন ফ্লাইওভার প্রকল্প এলাকায় যানবাহন চলাচল নির্বিঘ করতে ট্রাফিক কন্ট্রোল সিস্টেম জোরদারকরণ ও ভাঙ্গাচোরা রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কার করতেও সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন নানক।

২০১০ সালের ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন, যা ২০১২ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়ে এই ফ্লাইওভার নির্মাণ শেষ না হওয়ায় গত বছরের ১০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি চলতি বছরের জুনের মধ্যে ফ্লাইওভারটির নির্মাণ কাজ শেষ করে একে যান চলাচল উপযোগী করার সুপারিশ করে।

আগামী ৩০ জুনের মধ্যে এই ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সবাইকে জবাবদিহি করতে হবে বলেও স্থায়ী কমিটির ওই বৈঠকে সিদ্ধান্ত হয়।