সাভার ট্র্যাজেডি: ৪০ দিন পর মারা গেলেন সুজন
সাভারে ভয়াবহ ভবন ধসের চল্লিশ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন আরেক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রানা প্লাজা ধসের ঘটনায় এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ১৩০ জনে পৌঁছেছে।
ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুজন হাওলাদার (২৬) নামের ওই পোশাক শ্রমিক রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিসাধীন ছিলেন। সোমবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
সুজনের গ্রামের বাড়ি রংপুরে। ঠিক কবে তাকে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছিল, তা জানাতে পারেননি জেলা প্রশাসক।
গত ২৪ এপ্রিল সাভারে ওই ভবন ধসের পর সরকারি হিসাবে ২ হাজার ৪৩৭ জনকে উদ্ধার করা হলেও প্রায় ১৪ শ’ শ্রমিককে বিভিন্ন হাসাপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৮৩ জন গুরুত্বর আহত ছিলেন।
আহতদের মধ্যে সুজনকে নিয়ে এ পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
তিনি বলেন, ভবন ধসে নিহতদের মধ্যে ৮৩৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ‘অসনাক্ত’ ২৯১ জনের লাশ ডিএনএ নমুনা রেখে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন করবস্থানে দাফন করা হয়েছে।
