২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গির্জায় ডাকাতি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া খ্রিস্টান মিশনের গির্জার দুই উপাসকের বাসায় ডাকাতি হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2013, 12:38 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার রাত তিনটার দিকে পুরোহিত প্রধান ফাদার আবেল রোজারিও (৮৫) এবং ব্রাদার প্রধান হেমলেট গোসালের (৪৫) বাসায় ডাকাতি হয় গির্জা কর্তৃপক্ষ জানায়।

গির্জার সীমানার মধ্যেই তাদের বাসা দুটি রয়েছে।

ডাকাতিতে বাধা দেওয়ায় দুই উপাসককে রড দিয়ে পিটিয়ে আহত করে ডাকাতরা। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গীর্জার সহকারী ফাদার ও তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পিটার স্যানেল জানান, মিশনের পাশে বিল এলাকা ঘেঁষে টিনের প্রাচীর ভেঙে অন্তত ১৫ জনের একদল মুখোশধারী ডাকাত দেশি অস্ত্রসস্ত্র নিয়ে ভেতরে ঢোকে।

তারা অস্ত্রের মুখে কর্মচারীদের জিম্মি করে প্রথমে পুরোহিত প্রধান ফাদার আবেল রোজারিওর বারান্দার তালা ভেঙে ঘরে ঢোকে। তার ঘর থেকে নগদ ৮৫ হাজার টাকা লুট করে।

পরে ব্রাদার প্রধান হেমলেট গোসালের ঘরে ঢুকে নগদ এক লাখ টাকা, ক্যামেরা ও একটি মোবাইল ফোন ডাকাতি করে।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উপাসনালয়ে সভা আহবান করা হয়েছে। এ সভায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিদ্ধান্ত নেওয়া হবে বলে তারা জানান।

কালীগঞ্জ থানার ওসি নাজমুল হাসান জানান, ঘটনাটির তদন্ত চলছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

ডাকাতির ঘটনায় কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলেও তিনি জানান।