চট্টগ্রাম শহররক্ষা বাঁধ জরুরিভিত্তিতে সংস্কার দাবি
চট্টগ্রাম শহর রক্ষা বাঁধকে জাতীয়ভাবে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জরুরি ভিত্তিতে সংস্কারের দাবি জানানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ‘পরিকল্পিত চট্টগ্রাম ফোরাম’ নামে একটি সংগঠন এ দাবি জানায়।
ফোরামের নেতারা শহর রক্ষা বাঁধের ওপর প্রস্তাবিত চার লেইনের প্রধান সড়ক না তৈরির আহ্বানও জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বন্দর নগরীর পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী চট্টগ্রাম শহর রক্ষা বাঁধের বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ঘূর্ণিঝড় এবং সেই সঙ্গে জলোচ্ছ্বাস হলে ঝুঁকিপূর্ণ এ বাঁধের কারণে নগরী বিপর্যয়ে পড়লে তা সারাদেশের জন্যই বিপদের হবে উল্লেখ করে তা সংস্কারের দাবি জানান ফোরামের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফোরামের সহ-সভাপতি স্থপতি সুভাষ বড়ুয়া বলেন, সমুদ্রবন্দর, বিমানবন্দর, বিভিন্ন বেসরকারি কন্টেইনার ডিপোসহ জাতীয় অর্থনীতির প্রায় সব গুরুত্বপূর্ণ স্থাপনা শহরের এ অংশে থাকায় প্রাকৃতিক বিপর্যয়ে শহর রক্ষা বাঁধ ক্ষতিগ্রস্ত হলে ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৫৮৪ থেকে ১৯৬৯ পর্যন্ত ৩৮৫ বছরে অস্বাভাবিক ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস হয়েছে ২৭টি। এরপর ১৯৭০, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯১, ২০০৭ ও ২০০৯ সালে দেশের উপকূলে ছয়টি ঘূর্ণিঝড় আঘাত হানে। যাতে প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
১৯৯৫ সালের নগরীর মহাপরিকল্পনায় (মাস্টারপ্ল্যান) উপকূলীয় এলাকাকে ‘স্পেশাল কন্ট্রোল জোন’ হিসেবে চিহ্নিত করে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে শহর রক্ষা বাঁধকে প্রয়োজনীয় উচ্চতায় শক্তিশালী করা এবং বনায়নের সুপারিশ করা হয়।
১৭ বছর পার হলেও এখনো পর্যন্ত শহররক্ষা বাঁধকে সঠিকভাবে সুরক্ষিত করা হয়নি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলন থেকে পতেঙ্গা থেকে ফৌজদারহাট পর্যন্ত বর্তমান বেড়িবাঁধকে অবিলম্বে প্রয়োজনীয় উচ্চতায় শক্তিশালী করে সংস্কার এবং এর ওপর শুধু হালকা যান চলাচলের জন্য সড়ক নির্মাণের দাবি জানানো হয়।
এছাড়া পানি উন্নয়ন বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম বন্দর ও রেলওয়ের সমন্বয়ে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে শহর রক্ষা বাঁধকে সুরক্ষার দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ফোরামের সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান, সাধারণ সম্পাদক স্থপতি জেরিনা হোসেন, স্থপতি বিধান বড়ুয়া, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, শাহরিয়ার খালেদ প্রমুখ।
