সিলেটে নির্বাচনী সংলাপ মঙ্গলবার
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের আয়োজনে এবং বিবিসির সম্পাদকীয় সহযোগিতায় বিশেষ নির্বাচনী সংলাপ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর জালালাবাদ গ্যাস লিমিটেডের মিলনায়তনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন প্রার্থীকে নিয়ে রাত ৮টা ৫০ মিনিটে এ সংলাপ শুরু হবে।
সোমবার বিবিসি বাংলাদেশ সংলাপ এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংলাপে নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা, সিটি কর্পোরেশনের ভূমিকা এবং সিটি কর্পোরেশনকে নিয়ে মেয়র পদপ্রার্থীদের পরিকল্পনা ইত্যাদি বিষয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন ভোটাররা।
বিবিসি বাংলার সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় নির্বাচনী সংলাপ উপস্থাপনা করবেন আকবর হোসেন।
বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এই নির্বাচনী সংলাপে সহযোগিতা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সিলেটের পর ৭ জুন রাজশাহী, ১০ জুন খুলনা এবং ১২ জুন বরিশালে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হবে।
এর আগে ২০০৮ সালে সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল এবং পরে ২০১০ সালে চট্টগ্রামে সিটি কর্পোরেশনে মেয়র প্রার্থীদেরকে নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে একই ধরণের নির্বাচনী সংলাপের আয়োজন করেছিল বিবিসি।
