সংসদ চলবে ৩ জুলাই পর্যন্ত
সরকারের শেষ বছরের বাজেট অধিবেশন চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৬ জুন অর্থমন্ত্রী নতুন অর্থবছরের যে বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন তার ওপর সংসদে ৪০ ঘণ্টা আলোচনা হবে।
বাজেট উপস্থাপনের পর প্রতি কার্যদিবসে বিকাল ৩টায় অধিবেশন বসবে, চলবে রাত ৯ টা পর্যন্ত।
অধিবেশনের সময় বাড়ানো-কমানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত স্পিকারই নেবেন। ১৫, ২২ ও ২৯ জুন- এই তিন শনিবার সংসদ অধিবেশন চলবে কি না, বেসরকারি দিবসকে সরকারি দিবস হিসেবে গণ্য করা হবে কিনা- তাও স্পিকার ঠিক করবেন।
কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশ নেন।
কমিটির সদস্য ডেপুটি স্পিকার শওকত আলী, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুইপ আ স ম ফিরোজ, সুরঞ্জিত সেন গুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম, তোফায়েল আহমেদ, মো. ফজলে রাব্বী মিয়া, মো. রহমত আলী, রাশেদ খান মেনন এবং আব্দুল মতিন খসরুও বৈঠকে উপস্থিত ছিলেন।
অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন।
