পুরো সময় থাকুন, বিবেচনা হবে: স্পিকার
সংসদে যোগ দিয়ে বিএনপি সাংসদদের পুরো সময় থাকার আহ্বান জানিয়ে প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
রোববার জাতীয় সংসদ ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, “আমার আহ্বান থাকবে তারা অধিবেশনে এসে পুরো সময় থাকবেন। প্রস্তাব গ্রহণ করার অনেক পদ্ধতি আছে। তখন সেটা বিবেচনা করা হবে।”
এর আগে গত ২৭ মে স্পিকার সাংবাদিকদের জানিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকার ইস্যু নিয়ে আলোচনার জন্য বিরোধী দল সংসদে কোন মুলতবি প্রস্তাব জমা দিলে তা কার্যপ্রণালি বিধি অনুযায়ী বিবেচনা করা হবে।
সোমবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হচ্ছে, যা সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট অধিবেশন।
সদস্য পদ টিকিয়ে রাখতে হলে বিএনপির সাংসদের এই অধিবেশনে যোগ দিতে হবে। আর এই অধিবেশনেই দেশের প্রথম নারী স্পিকার হিসেবে অধিবেশন পরিচালনা করবেন শিরীন শারমিন চৌধুরী।
এদিকে সংসদে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে সোমবার সংসদীয় দলের বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাজেট অধিবেশনে বাজেট আলোচনার বাইরে অন্য কোন আলোচনার সুযোগ রয়েছে কি না জানতে চাইলে স্পিকার বলেন, “অন্য কোন আলোচনার জন্য পৃথক অধিবেশন আহ্বানের সুযোগ রয়েছে। যদি প্রয়োজন হয় তবে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে আলাদা অধিবেশন ডাকবেন।”
সংসদে বিরোধী দলকে কথা বলার সুযোগ দেয়া হয় না- বিএনপির এমন অভিযোগের বিষয়ে শিরীন শারমিন বলেন, “বিরোধী দলকে সুযোগ না দেয়ার কোন কারণ নেই। আমি ব্যক্তি শিরীন শারমিন না স্পিকার পদটিই নিরপেক্ষ। এখানে কাউকে বঞ্চিত করা হবে না।”
“সংসদ পরিচালনার ক্ষেত্রে স্পিকার সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে সব কিছু বিবেচনা করে সময় নির্ধারণ করা হবে। তবে সেই সিদ্ধান্ত কারো প্রতি বৈরীতা করে নয়।”
সর্বশেষ গত ২০ মার্চ সংসদে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা প্রায় ২ ঘণ্টা বক্তব্য দিয়েছিলেন।
এবারো তাকে একই সময় বরাদ্দ দেয়া হবে কি না জানতে চাওয়া হলে স্পিকার বলেন, “বিরোধী দলীয় নেতার প্রায়োরিটি থাকবে। তিনিতো কথা বলবেনই।”
