ডেসটিনির অর্থ পাচারে ‘জড়িত’ শফিউল গ্রেপ্তার
বহুস্তর বিপণন প্রতিষ্ঠান ডেসটিনি ২০০০ গ্রুপের ৪১ কোটি টাকা অর্থ পাচারে সহযোগিতার অভিযোগে শফিউল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম ইসলামী ট্রেড ইন্টারন্যাশনালের মালিক।
গুলশান থানা পুলিশের সহযোগিতায় রোববার বেলা সাড়ে ৩টায় রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে শফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার।
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম), ট্রিপ্ল্যান্টেশনসহ বিভিন্ন প্রকল্প থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে গতবছরের ৩১ অক্টোবর রাজধানীর কলাবাগান থানায় পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
এই মামলায় ইতোমধ্যে ডেসটিনি প্রেসিডেন্ট, চেয়ারম্যানসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তারের পর শফিউলকে দুদকে নিয়ে আসা হয়।
মোজাহার জানিয়েছেন, যতদ্রুত সম্ভব তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
