উন্নয়নশীল দেশে সহযোগিতা বাড়ান: শেখ হাসিনা
আন্তর্জাতিক সহযোগিতার অভাবে উন্নয়নশীল দেশগুলোর কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হচ্ছে না জানিয়ে উন্নত দেশগুলোকে সহায়তা বাড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আন্তর্জাতিক সহযোগিতার অভাবে উন্নয়নশীল বিশ্বের অনেক দেশ প্রয়াই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারে না।”
আগামী দিনের উন্নয়ন এজেন্ডায় প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।
রাজধানীর একটি হোটেলে ‘২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য’ শীর্ষক এই জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের দুর্ভোগ রোধে কার্যকর লক্ষ্য নির্ধারণ করা জরুরি।”
পরিবেশ রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় উন্নত বিশ্বের প্রতিশ্রুত সহায়তা আমরা সেভাবে পাইনি। আমরা নিজস্ব অর্থে ২০২টি প্রকল্প বাস্তবায়ন করছি।”
২০১৫ সালে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের মেয়াদ শেষ হলে এর দ্বিতীয় পরযায় শুরু হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, এ নিয়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থাগুলো আলোচনা করে যাচ্ছে। বিশ্ব আলোচনায় প্রথম সারির একটি দেশ হিসেবে বাংলাদেশও অবদান রাখছে।
গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গ্রামে অর্থ সঞ্চালন করতে হবে। গ্রামের মানুষকে স্ববলম্বী করতে হবে।”
আর্থ সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের কথাও বলেন শেখ হাসিনা।
সর্বশেষ পরিসংখ্যানের বরাত দিয়ে প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ বর্তমানে কর্মক্ষম।
বাংলাদেশ যেন ‘বুড়োদের দেশে’ পরিণত না হয়- সেদিকে খেয়াল রেখে পরিবার পরিকল্পনা কারযক্রম পরিচালনারও আহবান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “আমরা যেভাবে একটি সন্তান একটি সন্তান বলছি। তাতে যুব সমাজ হ্রাস পাবে। দেশ বৃদ্ধদের দেশে পরিণত হবে।”
১৯৯৬ সালে আওয়ামী লীগ আগের মেয়াদে সরকার গঠনের পর দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি নেয়ার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ২ শতাংশে উন্নীত হয়। দেশ খাদ্যে উদ্বৃত্ত হয়। দারিদ্র্য দ্রুত হ্রাস পায়। শিক্ষার হার বৃদ্ধি পায়। অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে ওঠে।
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের রূপকল্প ২০২১ এর কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০০৯ সালে সরকারে এসে তিনি এই রূপকল্প অনুযায়ী প্রতিটি খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেন।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণও তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের এ অগ্রযাত্রা এবং এমডিজি অর্জনে সাফল্য বিশ্ববাসীকে অনুপ্রাণিত করেছে। জাতিসংঘ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশকে রোল মডেল হিসেবে চিহ্নিত করেছে। ইউএনডিপি এমডিজি অর্জনে সফল ১৮টি অগ্রসরমান দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে। আমাদের এ অর্জন ধরে রাখতে হবে। সেটিই হবে আমাদের ২০১৫ পরবর্তী উন্নয়ন লক্ষ্য।”
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি, অর্থনীতিবিদ কাজী খলিকুজ্জামান আহমেদ এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি তুসারা ফার্নান্দো বক্তব্য দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিউল ইসলাম।
