২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে সংঘর্ষ, বোমা বিস্ফোরণ

ফেনীতে রোববার সকালে হরতালকারীরা অগ্নিসংযোগ, ভাংচুর ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 05:48 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস সেল ও শটগানের গুলি ছুঁড়েছে। বিভিন্ন স্থান থেকে তিন পিকেটারকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিক ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আতিকুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনীতে রোববার আধাবেলা হরতাল ডেকেছে সংগঠনটি।

ফেনী মডেল থানার পরিদর্শক সৈয়দ মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র‌্যাবও মোতায়ন রয়েছে।

হরতালের সকালে শিবিরকর্মীরা শহরের বিভিন্ন সড়কে কমপক্ষে ১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। বেলা ১০টার দিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে একটি ইজিবাইকে আগুন দেয় পিকেটাররা।

মদিনা বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লেমুয়া, মহীপাল, ও শহরের একাডেমীসহ বেশ কয়েকটি এলাকায় ১০টি ইজিবাইকে ভাংচুর চালায় পিকেটাররা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে চার রাউন্ড শটগানের গুলি বর্ষণ করতে হয়েছে বলেও জানান পরিদর্শক মোস্তফা।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের ট্রাংক রোড, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, বীর উত্তম শহীদ সালাউদ্দিন সড়ক, মদিনা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তায় টায়ারে ও কাঠের স্তূপে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে তারা।