২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তামাকের বিজ্ঞাপন নিষিদ্ধ করুন: বান কি মুন

তামাকজাত পণ্যের সব ধরণের বিজ্ঞাপন পুরোপুরি নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2013, 05:30 AM

Updated : 23 Aug 2022, 10:53 AM

শুক্রবার বিশ্ব তামাক মুক্ত দিবসে সদস্য দেশগুলোর সরকারের উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, “মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি হচ্ছে এই তামাক। যারা ধূমপান করেন, তাদের অর্ধেকেরই মৃত্যু হয় তামাকের ক্ষতিকর প্রভাবের কারণে।”

জাতিসংঘ মহাসচিব বলেন, সিগারেটের বিজ্ঞাপন যতো কমিয়ে আনা যাবে, ধূমপানের ব্যাপারে মানুষের আগ্রহী হওয়াও ততো কমবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে ধূমপানের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় ৬০ লাখ মানুষের মৃত্যু হয়, ২০৩০ সাল নাগাদ যা ৮০ লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। আর এদের প্রতি পাঁচজনের মধ্যে চারজনেরই মৃত্যু হবে নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলোতে।

গবেষণায় দেখা যায়, ধূমপানের কারণে ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিস ও ফুসফুসের বিভিন্ন রোগের ঝুঁকি বহু গুণে বেড়ে যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, “বিশ্বে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিষয়গুলোর তালিকায় তামাকজাত দ্রব্য উপরের দিকেই থাকবে। অথচ সহজেই এ ঝুঁকি আমরা এড়াতে পারি।

“নারী ও তরুণসহ ভবিষ্যৎ প্রজন্মকে নিকোটিনে আসক্ত করতে সিগারেট কোম্পানিগুলোর নির্লজ্জ চেষ্টা বন্ধের বিষয়টি অবশ্যই সরকারগুলোকে গুরুত্বের সঙ্গে নিতে হবে।”

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বজুড়ে ধূমপান কমিয়ে আনার জন্য সব ধরনের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা একটি কর্যকর উদ্যোগ হতে পারে। 

এ সংস্থার সমীক্ষায় দেখা গেছে, যেসব দেশ এরইমধ্যে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে সেখানে ধূমপায়ীর হার ৭ শতাংশ কমে গেছে।

এ কারণে বিজ্ঞাপন নিষিদ্ধের পাশাপাশি এ ব্যাপারে আইন করার ওপরও জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।