‘দলবাজিতে ধ্বংস হচ্ছে ভবিষ্যত’
শিক্ষক ও ছাত্ররা পরস্পরকে রাজনীতিতে ব্যবহারের কারণে আমাদের ভবিষ্যত ধ্বংস হচ্ছে বলে মনে করেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার গাজীপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে ছাত্র রাজনীতির নামে অশুভ প্রবণতা চলছে। ইদানিং শিক্ষক রাজনীতির মধ্যে ছাত্র রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে, তেমনি ছাত্র রাজনীতির মধ্যেও শিক্ষক রাজনীতির অনুপ্রবেশ ঘটেছে।
“যে যার দলবাজির স্বার্থে পরস্পরকে ব্যবহার করছে। এতে ধ্বংস হচ্ছে আমাদের ভবিষ্যত,” বলেন তিনি।
মন্ত্রী বলেন, “আমি অবেলার মন্ত্রী। ১৭ মাসে যতোটুকু সম্ভব হয়েছে ততটুকু কাজ করেছি।”
দেশে যেকোনো সময়ের চেয়ে এখন রাস্তার অবস্থা ভাল বলে দাবি করেন তিনি।
গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগ আয়োজিত উদ্ভাবন বিষয়ক কর্মসূচি ‘সেনোভেশন-২০১৩’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
‘সেনোভেশন’ অনুষ্ঠানের সাধারণ সম্পাদক ইজাজ হোসেন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য ড. ইমতিয়াজ হোসাইন এবং পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান ড. সদরুল ইসলাম।
