২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস পাচ্ছে ভোলাবাসী

গৃহস্থালিতে গ্যাস সংযোগ পেতে যাচ্ছে দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলার বাসিন্দারা, যে দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলো তারা।

রিয়াজুল বাশার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, যতদ্রুত সম্ভব ভোলায় গ্যাস সরবরাহ করা হবে।

“ভোলা শহরে গ্যাস সরবরাহের জন্য বিতরণ ও সঞ্চালন লাইন প্রস্তুত আছে। এখন ঠিকাদার নিয়োগ করে সংযোগ দেয়া শুরু হবে।”

মেঘনার মোহনায় জেগে ওঠা এই দ্বীপে একটি গ্যাসক্ষেত্র রয়েছে। কিন্তু গ্যাস ক্ষেত্র থাকলেও পাইপলাইনে গ্যাস সরবরাহ না পাওয়ায় অসন্তোষ রয়েছে দ্বীপবাসীর।

দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গ্যাস বিতরণের দ্বায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস ডিস্টিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে ভোলা জেলা শহরে গ্যাস দেয়া যাবে বলে তারা আশা করছেন।

ভোলা জেলা শহরে এক লাখেরও বেশি মানুষের বাস।

নুরুল ইসলাম জানান, ভোলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে ৩৩ কিলোমিটার সঞ্চালন লাইন ও ভোলা শহরের মধ্যে ২০ কিলোমিটার বিতরণ লাইন তৈরি অবস্থায় রয়েছে।

খুলনা ও বরিশাল বিভাগের ১৬টি জেলায় গ্যাস বিতরণ করার লক্ষ্যে পেট্রোবাংলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে সুন্দরবন গ্যাস বিতরণ কোম্পানি করা হয় প্রায় সাড়ে তিন বছর আগে।

কোম্পানিটি বাগেরহাট, খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়াতে বাণিজ্যিক গ্যাস সংযোগ দিতে কাজ করে যাচ্ছে। 

প্রায় সাড়ে দিন দশক আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুরে গ্যাস আবিষ্কার হয়। এরপর সেখান থেকে গ্যাস তোলার উদ্যোগ নেয় রাষ্ট্রীয় সংস্থা বাপেক্স।

দ্বীপ জেলা হওয়ায় ভোলার সঙ্গে অন্য জেলার গ্যাস সঞ্চালন লাইন করা যায়নি। তাই সেখানকার গ্যাস দিয়ে স্থানীয় পযায়ে শিল্প গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে।

শাহবাজপুরের গ্যাস দিয়ে সেখানে প্রায় ৩৫ মেগাওয়াটের একটি গ্যাসভিত্তিক বেসরকারি ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চলছে। গত সেপ্টেম্বরে ভোলায় ১৫০-২২৫ মেগাওয়াট ক্ষমতার গ্যাসভিত্তিক একটি কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের চুক্তি করা হয়েছে, যার ২০১৪ সালের মধ্যে চালু হওয়ার কথা রয়েছে।

পেট্রোবাংলা চেয়ারম্যান হোসেন মনসুর জানান, শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে আরো দুটি নতুন কূপ করে গ্যাসের উত্তোলন বাড়ানোর উদ্যোগ নেয়া হবে।

“এখন প্রতিদিন সেখানে ৬ থেকে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। নতুন দুটি কূপ করলে আমরা ৩৫ মিলিয়ন ঘনফুট তুলতে পারবো। এই গ্যাস দিয়ে বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প গড়ে তোলা যাবে।” 

ভোলার জেলা প্রশাসনের ওয়েবসাইটে বলা হয়েছে, “বাংলাদেশের অন্য জেলার তুলনায় ভৌগলিক অবস্থানের কারণে এখানে তেমন শিল্প গড়ে ওঠেনি। যোগাযোগ ব্যবস্থা ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব এ জেলার শিল্প বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।”

“তবে বোরহানউদ্দিনে প্রাপ্ত গ্যাস বাণিজ্যিক ব্যবহারের সুযোগ করে দিলে এ জেলায় শিল্প বিকাশের সম্ভাবনা রয়েছে।”