২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচন: বিতর্কে মুখোমুখী হচ্ছেন প্রার্থীরা

আসন্ন চার সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্কের সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 06:56 PM

Updated : 23 Aug 2022, 10:52 AM

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট, রাজশাহী, খুলনা এবং বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের অংশগ্রহণে এই ‘নির্বাচনী সংলাপ’ হবে।

নির্বাচন কমিশনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিবিসি যৌথভাবে এই বিতর্কের আয়োজন করছে। 

সিলেট  সিটি কর্পোরেশনে ৪ জুন, রাজশাহীতে ৭ জুন, খুলনায় ১০ জুন এবং বরিশালে ১২ জুন এই  সংলাপ হবে।

প্রতিদিন বিটিভির রাত ৮টার সংবাদের পর এক ঘণ্টা সরাসরি সম্প্রচার করা হবে প্রার্থীদের এই বিতর্ক।

ওই সময়ে বেসরকারি টিভি চ্যানেলে কোনো বিতর্ক অনুষ্ঠান না রাখারও অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১৫ জুন অনুষ্ঠেয় এ নির্বাচনে প্রতিটি সিটিতে তিন জন করে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিবিসির পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণের জন্য মেয়র প্রার্থীদের আমন্ত্রণ জানানো হবে। আর রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট মেয়র প্রার্থীদের নির্ধারিত তারিখে সংলাপে অংশগ্রহণের বিষয়ে  সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন।