জমির উদ্দিনের অভিযোগ গঠনের শুনানি ১১ জুলাই
অর্থ আত্মসাতের পাঁচ মামলায় সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারসহ তিন জনের বিরুদ্ধে দুদকের দেয়া অভিযোগপত্র আমলে নিয়েছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এই পাঁচ মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ১১ জুলাই দিন রেখেছেন।
বৃহস্পতিবার অভিযোগপত্র আমলে নিয়ে তিনি এই আদেশ দেন।
বাকি দুই আসামি হলেন- সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী এবং সংসদ সচিবালয়ের সাবেক প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা আশরাফুল ইসলাম।
দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খান ও উপ-সহকারী পরিচালক এসএম খবীরউদ্দিন ২০১০ সালের ২৮ ডিসেম্বর শেরে-বাংলানগর থানায় এই পাঁচ মামলা দায়ের করেন। এজাহারে আসামিদের বিরুদ্ধে মোট ৬৭ লাখ ৩৪ হাজার ৫৮৮ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
এর মধ্যে তিনটি মামলায় ২০১২ সালের ৭ নভেম্বর অভিযোগপত্র দেয় দুদক। বাকি দুই মামলায় অভিযোগপত্র দেয়া হয় ২০১২ সালের ১২ নভেম্বর।
মামলাগুলোর এজাহারে সাবেক প্রধান হুইপ ও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনেরও নাম ছিল। তবে তার মৃত্যুতে অভিযোগপত্র থেকে তার নাম বাদ দেয়া হয়।
