২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজায় স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

সাভারের ধসে পড়া ‘রানা প্লাজার’ স্থানে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়েছে কয়েকটি সংগঠন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2013, 11:08 AM

Updated : 23 Aug 2022, 10:52 AM

বৃহস্পতিবার নয়টি সংগঠনের নেতা-কর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে রানা প্লাজার কাঁটাতারের সামনে প্রতীকী ‘গামের্ন্টস শ্রমিক স্মৃতিস্তম্ভে’ নিহত শ্রমিকদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে তারা ওই স্থানে সমাবেশ করে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানান। এ সময় সেখানে ভবন ধসে নিখোঁজ শ্রমিকদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ মহিলা পরিষদ, নাগরিক কমিটি, স্যোসাল আপলিফ্টমেন্ট সোসাইটি (সাস), বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, খেলাঘর আসর, মুক্ত তারুণ্য, কবি জসিম উদদীন পরিষদ যৌথভাবে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

গত ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডে রানা প্লাজা বহুতল ভবন ধসে পরে এক হাজার ১২৯ জন নিহত হয়। তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন পোশাক শ্রমিক। ওই ভবনে ৫টি পোশাক কারখানা ছিল।

সমাবেশে রানা প্লাজার ষষ্ঠ তলার পোশাক কারখানার শ্রমিক মোসাম্মত সাবানা বলেন, “রানা প্লাজা ধসের পর থেকে আমরা বসে আছি। কেউ আমাদের খোঁজ খবর নেয় না।”

রানা প্লাজার ওই স্থানে নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানিয়ে সাবানা আরও বলেন, এখানে আর কোন দোকানপাট বসানো যাবে না।

গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সভাপতি তুহিন চৌধুরী বলেন, বিজিএমইএ কথা রাখেনি। তারা শ্রমিকদের এক মাসের বেতন দিয়েছে।

শ্রমিকদের টাকা-পয়সা পরিশোধ না করলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি অভিযোগ করেন, সরকার নিহতের স্বজনদের এক লাখ করে টাকা দিয়েছে তাও সবাই পায়নি।

রানা প্লাজা ধসে পঙ্গুদের সুচিকিৎসার দাবি জানান তুহিন চৌধুরী।

নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ও কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈয়দ সাগীরুজ্জামান সাকীকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন গামের্ন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাভার-আশুলিয়া অঞ্চলের সাধারণ সম্পাদক কে এম মিন্টু, কবি জসিম উদ্দীন পরিষদের সভাপতি আতাহার উদ্দিন, মহিলা নেত্রী সাজেদা বেগম সাজু, নাগরিক কমিটির সভাপতি রফিকুল ইসলাম ঠান্ডু মোল্লা, রানা প্লাজার গামের্ন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি লাভলী খাতুন, সাধারণ সম্পাদক আকাশ শেখ প্রমুখ।