হিজলায় বাঁধ ভেঙে ঘরবাড়ি-দোকানপাট বিলীন
বরিশালের হিজলা উপজেলায় বেড়িবাঁধ ভেঙে মেঘনা নদীতে বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট।
বুধবার গভীর রাত থেকে বড়জালিয়া ইউনিয়ন বেড়িবাধে এ ভাঙন শুরু হয়।
ভাঙন এখনো চলছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান।
তিনি জানান, রাত ৩টার দিকে বেড়িবাঁধের প্রায় একশ’ ফুট এলাকা ভেঙে যায়। এতে নদীগর্ভে বিলীন হয় ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান।
ভাঙন অব্যাহত থাকায় বসত ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা।
বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে আশপাশের ফসলের জমি তলিয়ে গেছে বলেও জানান খলিলুর রহমান।
এ ব্যাপারে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহিরউদ্দিন আহম্মেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বেড়িবাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে।
