২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিটিআরসিকে সতর্ক করলো সংসদীয় কমিটি

ইন্টারনেট ব্যান্ডউইথের গতি কমিয়ে দেয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে ‘সতর্ক’ করেছে সংসদীয় কমিটি। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিটআরসিকে বিরত থাকতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 11:10 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪৫তম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আব্দুস ছাত্তার সাংবাদিকদের বলেন, “ডিজিটাল বাংলাদেশ রূপান্তরে ব্যান্ডউইথের গতি কমানো একটি বাধা। কমিটি বিটিআরসিকে এ বিষয়ে সতর্ক করেছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিটিআরসিকে বিরত থাকতে বলা হয়েছে।”

গত ১৫ মে অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডউইথ আপলোড গতি সর্বোচ্চ ২৫ শতাংশ করার জন্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) নির্দেশনা দেয় বিটিআরসি। অবশ্য ১৯ মে এই নির্দেশনা প্রত্যাহার করে নেয় বিটিআরসি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিটিআরসি অবৈধ ভিওআইপি প্রতিরোধে ইন্টারনেট ব্যান্ডউইথ আপলোড কমানোর যুক্তি দেখায়। কিন্তু কমিটি এই যুক্তিকে অগ্রণযোগ্য বলেছে।”

ওই zদস্য আরো বলেন, “কল রেকর্ড দেখলেই বিটিআরসি বুঝতে পারবে কি পরিমাণ ভিওআইপি কল আসা-যাওয়া করে। এখানে ব্যান্ডউইথের গতি কমানোর দরকার নেই।”

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এ মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে কমিটি।

এ প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, “মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়ন অগ্রগতি সন্তোষজনক নয়। কমিটি এ ব্যাপারে মন্ত্রণালয়কে বিশেষ নজর দেয়ার জন্য বলেছে।”  

এদিকে কমিটির সদস্য হুইপ আসম ফিরোজবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্তর্জাতিক অন্তর্গামী ও বহির্গামী কল মিনিটের পরিমাণ ৬ কোটির উপরে উন্নীত করার সুপারিশ করা হয়েছে।”  

বৈঠক সম্পর্কিত সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক ক্যারিয়ারদের কাছ থেকে সকল প্রকার বকেয়া আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া বৈঠকে আইনগত দিক ঠিক রেখে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য একটি ডিওটি’র (ডিপার্টমেন্ট অব টেলিকম) রূপরেখা প্রস্তুতের সুপারিশ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশ ডাক মারফত বিভিন্ন দেশে পাঠানো মালামাল আগামী এক সপ্তাহের মধ্যে যথাস্থানে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করে আগামী বৈঠকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

কমিটির সভাপতি মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুন, হুইপ আ স ম ফিরোজ, মো. আব্দুল কুদ্দুস ও মোয়াজ্জেম হোসেন রতন অংশ নেন।