২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির ‘আত্মহত্যা’

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি সেলে মৃত্যুদণ্ড প্রাপ্ত এক আসামি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2013, 11:06 AM

Updated : 23 Aug 2022, 10:50 AM

নিহত মো. রজব আলী (৩৫) নাটোরের লালপুর থানার মনিরামপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে রজব আলীর ফাঁসির আদেশ দিয়েছে আদালত। তার কয়েদী নং-৪৪৩/এ।

কাশিমপুর কারাগারের কারাধ্যক্ষ দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রজব তার কক্ষের জানালার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়।

গুরুতর অবস্থায় উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাফরুহা সুলতানা জানান, রজব আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক তপন কান্তি সরকার জানান, লাশের গলায় দাগ রয়েছে। দুপুরে লাশের সুরতহাল হয়েছে।

এরপর ময়না তদন্ত হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।