২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সম্পাদককে গ্রেপ্তারে পরোয়ানা ‘বাতিল’

মানহানির মামলায় দৈনিক মানবকণ্ঠের সম্পাদক, প্রকাশক, প্রতিবেদক ও ঢাকা টাইমসের সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা পরিবর্তন করে সমন জারির সিদ্ধান্ত নিয়েছে ঢাকার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আদালত প্রতিতবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2013, 04:04 PM

Updated : 25 Apr 2022, 06:46 PM

পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী বুধবার ঢাকার মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন।

বিচারক আসাদুজ্জামান নূর শুনানি শেষে মানবকণ্ঠের সম্পাদক শাহজাহান সরদার,প্রকাশক জাকারিয়া চৌধুরী ও সংশ্লিষ্ট প্রতিবেদক এবং ঢাকা টাইমসের সম্পাদক আরিফুর রহমানকে গ্রেপ্তারের আদেশ দেন।

পরে ‘সাংবাদিকদের বিরুদ্ধে মানহানি মামলার প্রথম দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না’ মর্মে সম্প্রতি পাস হওয়া একটি আইন নিয়ে বিচারক ও আইনজীবী মহলে আলোচনা হয়।

আদালতের একটি সূত্র জানায়, আইনি কারণে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করে এর স্থলে সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে সমন জারির সিদ্ধান্তে একমত হয়েছেন বিচারকরা। রোববার ওই সমন জারি করা হতে পারে।

গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশটি পড়ে শোনানোর সময় বাদী পক্ষের আইনজীবীসহ এজলাসে প্রায় একশ’ আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

গত ১৭ মে নিউজ পোর্টাল ঢাকা টাইমস এবং ১৯ মে মানবকণ্ঠে “লতিফ সিদ্দিকীকে নিয়ে কানাঘুষা” শিরোনামে খবর প্রকাশ করায় মানহানি হয়েছে অভিযোগে এ মামলা করা হয়।

আরজিতে বলা হয়,বাদীকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার জন্য ‘মিথ্যা তথ্য’ দিয়ে উদ্দেশ্যমূলকভাবে ওই খবর প্রকাশ ও প্রচার করা হয়েছে।এতে পরিবারে,রাজনৈতিক মহল ও দেশে বিদেশে বাদীর সুনাম ক্ষুন্ন হয়েছে।

বাদী পক্ষের আদালতে শুনানি করেন সৈয়দ রেজাউর রহমান।