প্রার্থনার আহ্বান প্রধানমন্ত্রীর
ঘূর্ণিঝড় মহাসেনে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হওয়ায় দেশবাসীকে বিশেষ প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি অনেকটা দুর্বল হয়ে বৃহস্পতিবার দুপুরে উপকূলের ওপর দিয়ে বয়ে গেছে। এতে দুপুর পর্যন্ত উপকূলে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের তাণ্ডব থেকে রক্ষা পাওয়ায় মসজিদে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
একইসঙ্গে মন্দির, প্যাগোডা এবং গির্জাতেও বিশেষ প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সাগরে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর ব্যাপক প্রস্তুতি নেয় সরকার। ৭ নম্বর বিপদ সঙ্কেত জারির পর উপকূলের অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে নগদ ১০ কোটি টাকা এবং ৫ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণের জন্য ১৯টি হেলিকপ্টার, চারটি বিমান এবং নৌবাহিনীর ২২টি জাহাজও প্রস্তুত রাখা হয়েছে।
