দুর্ঘটনায় ঢাকায় যুবক, চট্টগ্রামে শিশু নিহত
ঢাকায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে একটি শিশু।
ঢাকায় দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১১টার দিকে মিরপুরের কাজীপাড়া বাস স্ট্যান্ডে।
নিহত আজিজুল হক পলাশের (২৬) বাড়ি বগুড়ার শেরপুরে।
মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, পলাশ পশ্চিম কাজীপাড়ার বাসা থেকে বেরিয়ে বাইসাইকেল চালিয়ে গুলশান যাচ্ছিলেন। সেফটি পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে পলাশের মৃত্যু হয়।
পুলিশ বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়।
পলাশ গুলশানের ‘আহসান খান আর্কিটেকচার অ্যান্ড গ্রাফিকস’ নামে একটি প্রতিষ্ঠানে ডিজাইনার হিসেবে কাজ করতেন বলে তার ভাই মো. জাহাঙ্গীর জানিয়েছেন।
চট্টগ্রামের দুর্ঘটনাটি ঘটে সন্ধ্যায় পটিয়ার বয়ের দিঘীরপাড় এলাকায়।
নিহত মো. মোবারক (৬) পটিয়া উপজেলার কটা কচুয়া এলাকার মো. মহিবুল্লাহর ছেলে।
রাস্তা পার হওয়ার সময় মোবারক অটো রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়। হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে চমেক পুলিশ ফাঁড়ির কনস্টেবল মফিজুর রহমান জানিয়েছেন।
